Tuesday, 25 September 2018

অপেক্ষা

অপেক্ষা শব্দটা শুনলেই আমার কেমন যেন মনকেমন করতো আগে। একটু ভয় ও বা। জানিনা কেন অপেক্ষা শুনলেই মনে হতো সেই অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা রাজকাহিনীর বর্ণনাতে পাওয়া মেবারের রানীর প্রতীক্ষা কখন তার প্রিয়তম এসে পিছন থেকে হটাৎ চোখ টিপে ধরবে। অথবা অপেক্ষা রত রমণীর সেই বিশেষ মানুষটার জন্যে ভাবতে ভাবতে সেলাই করা, হটাৎ অন্যমনস্কতায় হাতে ছুঁচ ফুটে গেল আর সেই শ্বেত শুভ্র রুমালের ওপর এক ফোঁটা রক্ত পরে রুমাল টাকে যেন অস্তাচলের রঙে রাঙিয়ে দিলো, আহা কি অপূর্ব সে বর্ণনা। সমস্ত মেবার যেন চোখের সামনে দুলে ওঠে সেই বর্ণনার মধ্যে দিয়ে। সেই প্রতীক্ষা তার সমস্ত আকুতি নিয়ে যেন আপনা থেকে প্রার্থনা করতে লাগে, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। 

মনে পরে যায় অপেক্ষা , বাবার আসতে দেরি হলে, খাতার পেছনে লুকিয়ে ঠাকুরকে চিঠি লেখার সেই অভ্যেস। কি বিশ্বাস ও বা। তারপরে হটাৎ বাবা চলে এলে, বাবাকে জড়িয়ে ধরে কি শান্তি। 
সেই বিশ্বাস ও নাড়া খেলো, যখন অপেক্ষা চিরন্তন হয়ে গেল। ছোট মেয়ে টাকে হটাৎ এক ধাক্কায় অনেকটা বড় করে দিয়ে ওই ঠাকুর বুঝিয়ে দিলো, এই অপেক্ষা এত সহজে মিটবেনা। তখন থেকে অপেক্ষা শব্দের সাথে জুড়ে গেল কান্না। 

জীবন যুদ্ধ, প্রতিনিয়ত শান্তনা দেওয়া, নিজেকে অন্যকে,..অপেক্ষা তখন থেকে বাঁচার রসদ। আজ হচ্ছেনা, একদিন হবে।  সেই দিনের অপেক্ষা। অপেক্ষা তখন আশা।

আর আজ, অপেক্ষা দিয়ে গেল একটা সুন্দর শান্ত হাওয়া। ধৈর্য্য আর অপেক্ষা শব্দ গুলো বাবা খুব ব্যবহার করতো। বারবার বলতো, জীবনকে সময় দিস আর শান্ত হয়ে নিজের সমস্ত কর্তব্য দায়িত্ব পালন করে যাস, তোর যা পাবার যেটুকু তোর বরাদ্দ তার জন্যে ধৈর্য্য ধরে, সঠিক ভাবে অপেক্ষা করে থাকলে ঠিক সময়ে, ঠিক সেটা তোর কাছে আসবে। তার আগে তাড়াহুড়ো করিসনা, সব নষ্ট হয়ে যাবে তাহলে। বাবা যতদিন কাছে ছিল, তখন শুধু তাড়াহুড়োই করে গেছি। বাবার কাছে না থাকাটা ধীরে ধীরে বাবার বলা সমস্ত কথার মানেকে নতুন ভাবে বুঝতে শিখিয়েছে আমাকে। কিছু বুঝেছি। অনেক হয়তো এখন বাকি। তবে, আজ সন্ধ্যের ধুপ ধুনোর গন্ধের মাঝে, গোধূলির লালের রেশ তখন পুরোটা মুছে যায়নি, এদিকে আকাশ সেজে উঠতে চলেছে কুমুদিনীর স্বর্ণাভ আভায়, আকাশের আর একদিকে আবার মেঘের ঘনঘটা। এমন হাজারো রঙে যখন প্রকৃতি নিজেকে সাজিয়ে তুলে ধরেছে, তখন, শাঁখ, ঘন্টা, প্রদীপের আলো আর আমার ধুপ ধুনোর গন্ধে চারিদিক ভীষণ পবিত্র ভীষণ সুন্দর হয়ে, শান্ত হয়ে আমার কাছে থমকে দাঁড়ালো। আর কেমন যেন খুব ভেতর থেকে একটা বিশ্বাস, এক অনন্য অনুভূতিতে আমাকে দিয়ে ঠিক বাবার বলা ওই বোধ টাকেই ফিরিয়ে দিয়ে গেল। মনে হলো, "আমাদের যা কিছু তা আমাদের ই থাকবে।" চারপাশের সমস্ত দায়িত্ব পালন করার পরে, সবাইকে ভালো রাখার পরে , সেদিনের সেই ছোট্ট মেয়েটার ঠাকুর, সেই যে গভীর বিশ্বাস থেকে সে ঠাকুরকে চিঠি লিখতো, সেই বিশ্বাস সে নিশ্চই আবার ফিরে পাবে আর ওই ছোট্ট মেয়েটার ঠাকুর একদিন নিশ্চয়ই তাকে ইচ্ছেপূরণের ঝুলি নিয়ে বসতে দেবে। হ্যাঁ , শর্তটা মনে আছে, অপেক্ষা টা মনের গভীরে সত্যি সত্যি থাকতে হবে। genuinely. আর চাওয়াটাও। তার মধ্যে যেন কোনো ভান না থাকে, কোনো ফাঁকি না থাকে। তাহলে যে চাঁদ এর জন্যে এতদিন অপেক্ষা করেছিলাম, সেই চাঁদ সেদিন আকাশে আসবে। সঙ্গে থাকবে নতুন ভোরের প্রতিশ্রুতি। 

আর সেই মিষ্টি প্রতীক্ষার কথা ভাবতে ভাবতে, আজ চলো স্বপ্ন দেখি নতুন মঙ্গলময় সূর্য্য ওঠা ভোরের। পাখির কাকলীতে ভোরে উঠুক চারিদিক। আগামীর আশায় নতুন করে বুক ভোরে নি শ্বাস আর শুরু করি কর্মময় কর্তব্য। সেই কর্তব্য পূরণের মধ্যে দিয়ে ধীরে ধীরে আমাদের স্বপ্নরা ডানা মেলুক, নতুন কচি সবুজ পাতায় ভরা চারাগাছ আলোয়, ছায়ায়, মায়ায় ধীরে ধীরে পরিণত হোক সুন্দর মহীরুহে। 

আর বারবার আমরা প্রাণ ভোরে নি, বলি, "কি আনন্দ, কি আনন্দ, দিবারাত্র নাচে মুক্তি, নাচে বন্ধ "......আর এইভাবেই করি অপেক্ষা। নিজেদের আমি গুলোকে ফিরে পাবার অপেক্ষা, ফিরিয়ে নেবার অপেক্ষা। ফিরিয়ে দেবার অপেক্ষা। আর যা কিছু আমাদের তার কাছে ফিরে যাবার অপেক্ষা। এই অপেক্ষার মধ্যে কোনো হতাশা নেই, দুঃখ নেই, অশান্তি নেই...এই অপেক্ষার মধ্যে শুধু আছে শান্তি, আছে অনন্য আশা আর প্রতিটা দিনের প্রতিটা ভোরের কাছে কাছে প্রার্থনা আমাদের সমস্ত ক্ষণ কে যেন সুন্দরতা দিয়ে ভোরে দিয়ে আমাদের পৌঁছে দেয় সেই মুহূর্তগুলোর কাছে। তার জন্যে অপেক্ষা। 

শিউলি ফুটেছে কি? 

Wednesday, 19 September 2018

অন্য মায়া

গত সাত বছর ধরে এই আরাবল্লী পাহাড়ে ঘেরা ছোট্ট জায়গাটা আমাকে তার সমস্ত সজীবতা দিয়ে ঘিরে রেখেছে। ঘুম ভেঙে ওঠা নরম চাঁদের আলো , শীতের পাতা ঝরা , বসন্তের পলাশ, বর্ষার সবুজ আর সারাবছরের আমার এই চাঁপা; প্রলেপ দিয়েছে আমার ক্ষত তে। ফিরিয়ে দিয়েছে আমার সেই আমি টাকে। যে সত্যি র জন্যে কারোর কাছে মাথা নিচু করেনা। মেরুদন্ড সোজা রেখে, মাথা উঁচু করে , অথচ নমনীয় ভাবে আত্মবিশ্বাস নিয়ে বাঁচতে শিখেছি। রোজকার যুদ্ধে ক্ষত বিক্ষত হতে হতে নিয়েছি ফুলের গন্ধ। আর প্রাণ ভোরে বেসেছি ভালো। সবকিছুর মধ্যে দেখেছি নতুন ভোর, অন্য আলোয় কখনো নতুন ভাবে সকাল ফিরে পেয়েছি কখনো বা মেঘলা আলোতে আমার আকাশ ভোরে গেছে , প্রাণপণে দুহাতে মেঘ  সরিয়ে খুঁজেছি রোদ্দুর। কখনো পেয়েছি, পাইনি কখনো বা। আপন নিয়মে সময় তার যেটুকু আমাকে তুলে দেবার তুলে দিয়েছে। কখনো বুঝেছি, কখনো বুঝিনি। অনেকটা পথ পেরিয়ে আসার পর মনে হয়েছে , পেয়েছিলাম। হয়তো পরে কখনো মনে হবে পেয়েছিলাম। 


আজ ল্যাব থেকে আসার সময়  রোজের মতো গেছিলাম আমার চাঁপাদের কাছে। আমি যেখানেই থাকি, চেষ্টা করি একটু ফুল রাখতে কাছটাতে। সে ঝরে যাওয়াই হোক বা কেনা। আজ ও তার ব্যতিক্রম হয়নি। তবে গাছ থেকে টাটকা ফুল পাড়তে একটু কষ্ট হয় আমার, তাই খোঁজ করি, একটু পুরোনো। আজ নতুন বা পুরোনো জানিনা, তবে একগোছা ধপধপে সাদা ফুল, কাছে গিয়ে আলতো হাত দিতেই হাতে চলে এলো। ঘরে এসে সবকটা পর্দা সরিয়ে দিতেই কাঁচের ভেতর দিয়ে উছলে উঠলো পড়ন্ত বিকেলের মায়াবী, হলুদ নীলে মেশানো একটা আলো। তাড়াতাড়ি, গ্লাস এ ঠান্ডা জল দিয়ে ফুলগুলো রাখতেই যেন চারিদিকটা হেসে আমার দিকে তাকালো। কি যে অপূর্ব মায়া আছে ওই সাদা পাপড়ির ভেতর দিয়ে উঁকিমারা হলুদ আলোর মধ্যে দিয়ে। জানিনা। আর তাকে যেন আরো কি এক মায়ায় জড়িয়ে দিলো বিকেলের ওই আলো।
আমার সেই চিরপরিচিত চাঁপা যেন নতুন করে ধরা পড়লো অন্য চোখে। বুঝলাম, সমস্ত কিছু এক থাকা সত্ত্বেও ওই যে দেখার আলো যদি বদলে যায়, তাহলে বোধয় বদলে যায় সব ই।  নাহলে রাত তিনটের সেই চাঁপার সাথে আজকের এই চাঁপার মধ্যে পার্থক্য একটাই , ওই আলোটার। বাকি সেই এক ই মায়া , সেই মমতা, সেই স্নেহ, সেই ভালোবাসা। কম বেশি, দূরে কাছের, বদল ফেরতের সব তর্ক দূরে সরিয়ে দিয়ে, আমি শুধু চুপ করে দেখতে থাকলাম আধখানা চাঁদ কেমন ধীরে ধীরে ঢলে গেল পশ্চিমে। একেবারে চুপ করে দেখলাম, দেখলাম কোনো শব্দ না করে। কি হলে কি হতো, আর কি হয়নি সেসব প্রশ্ন থাক আজ। এই মুহূর্তের এই ক্ষণের প্রতিটা মায়া সত্যি, প্রত্যেকটা মমতা সত্যি। আর সত্যি এর গভীর অনুভব। ঠিক যেন ওই অন্য আলোর মতো। যে অনুভূতির আলোতে চারিদিক  মায়ের নরম আঁচল আর বাবার উষ্ণ আদর মাখা নিশ্চিন্ততার আশ্রয় পাওয়া শিশিরে ভেজা ভোরের নরম ঘাসের মতো স্নিগ্ধ, শান্ত হয়ে চোখ মেলে তাকায়। সেই পরম মঙ্গলময় অনুভূতি। আর সত্যি এই চুপ করা নৈশব্দ। শ্রান্ত আদুরে ঘুমন্ত পৃথিবী। আর অপার নৈশব্দ।

জানলার দিকে তাকাতেই চোখ পড়লো স্থির, অচঞ্চল দ্রুবতারা।  








Thursday, 13 September 2018

সবুজ

কখনো কখনো এত সবুজ এত সবুজ হয়ে থাকে চারপাশটা, যে আমার যেন ধাঁধা লেগে যায় চোখে। এত সবুজ এত সুন্দর কিভাবে হয় সবকিছু, সকাল থেকে রাত আবার রাত কেটে ভোর, যেন নেশায় থাকি, ঘোর লেগে থাকে যেন সবকিছুর মধ্যে। সেই ঘোর ভাগ করে নেবার মধ্যে এক অবর্ণনীয় আনন্দ আছে। হটাৎ বুঝতে পেরেছিলাম এক ই ভাবে দেখতে পারার মধ্যে, এক অনন্য নেশা আছে। তবে নৈসর্গকিতার স্বাদ একা নিতে পারাও কম পুণ্যের নয় বোধহয়। তাতে চারপাশের পরিবর্তনে কষ্ট টা একটু কম হয়, তাকে পরিণত ভাবে মনেও যেমন নেওয়া যায়, মেনেও তেমন নেওয়া যায়। 

আজ গনেশ চতুর্থী। আজ থেকে ঠিক একমাস পরে বোধহয় পুজো। আমাদের সবার প্রাণের পুজো। চারপাশের আকাশ বাতাস সব কিছু যেন বদলে যায় এই সময়ে। কি অসম্ভব ভালোলাগা। কি অবর্ণনীয় সৌন্দর্য্য। সেই সাদা সাদা কাশ ফুল গুলো নিশ্চই ভীষণ ভাবে তাদের মাথা নাড়াচ্ছে। আমি ছোট থেকে সবসময় ছবিতে দেখতাম কাশফুল। সেই প্রথম কলেজ এর ফ্রেশার্স এ কাশ ফুল দেখি নিজের চোখে। ছোট্ট একটা গ্রাম্য জায়গা, তার সমস্ত সিম্প্লিসিটি নিয়ে আমার সামনে দাঁড়িয়ে পড়েছিল হটাৎ। চারপাশের লোকজন, কথা সবকিছু ছাপিয়ে আমি শুধু দেখছিলাম ঘরের মধ্যে আমার কত সামনে রাখা একগোছা কাশফুল আর প্রদীপের আলোকে। আর বাকি সবকিছু যেন হয়ে গেছিলো irrespective, সবকিছুতে যেন রামধনু মাখানো ছিল। তারপরে কত জায়গায় গেছি, নতুন জায়গা, কত মানুষ, নতুন কথা, নতুন সম্পর্ক তবু আজ ও ওই দিনের সবকিছুর ঘোর এখনো যেন চোখ থেকে যায়নি। আজ সকালে এই সবুজ গুলো আবার আমায় সেদিনের সবুজের মাঝে সাদা কাশফুল গুলোকে মনে করিয়ে দিলো। 
সেদিন ও খুব ইচ্ছে করেছিল, একটু কাছে গিয়ে হালকা ছুঁয়ে দেখি, আলতো করে আদর করে আসি। করা হয়নি, আজ ও করা হয়নি।







Sunday, 9 September 2018

লিলি

দিনের বেশিরভাগ সময় টাই আমাকে থাকতে হয় একা। না, there is a difference  between loner and loneliness, আমি একা থাকি ঠিক ই কিন্তু আমি একাকিত্বে কষ্ট পাই তা কখনোই নয়। চারপাশের কত কিছু আছে, যা আমাকে কখনো একা বোধ করতেই দেয়না। আমার লেখা জোকা, আঁকা, গল্প, কবিতা, গান, সুর, ছন্দ, রান্নার এক্সপেরিমেন্ট, ঘর গোছানো, ফুল সাজানো, গাছে জল দেওয়া, আকাশ দেখা, পাখি দেখা, বকম বকম শোনা এই সব কাজে এই রবিবার গুলো যদি ভোরে না থাকে, তবেই হয় ভীষণ অস্বস্তি। জানি ভীষণ ই নন-সাইন্টিফিক বাকগ্রাউন্ডের গৃহস্থের মতো শোনালো তো কথা গুলো? কি করবো, আমার ভেতর থেকে যে ওই মাটির গন্ধটা মুছতে পারিনি এখনো। আর মুছবে বলে এমন কোনো চিহ্ন ও তো দেখতে পাইনা। 

আজ অনেক আগেই ওই সব কাজ শেষ হয়ে গেছে। আর এতদিনের মধ্যে আজ কেন কি জানি সত্যি ই একা বোধ হলো। খুব একা একা লাগছে আমার এই একলা দুপুরে। কেমন যেন হিংসে হচ্ছে, এই রবিবার দুপুর গুলোর অলসতা কে যারা প্রাণ ভোরে নিতে পারছে, তাদের ওপরে। না ঠিক হিংসে নয়। কিন্তু কেমন যেন একটা কষ্ট গলার কাছটাতে দলা পাকাচ্ছে। বুঝলাম এটা সেই বদমাশ মনখারাপ এর কারসাজি। আমার সাধের উইকেন্ড এর আনন্দকে মাটি করার চেষ্টায় আছে। জানেইতো না যে আমি করতেই দেবোনা সেটা তাকে।

আমি বুঝি। তাই, না কোনো দুঃখ নেই এতে। জীবিকার প্রয়োজনে জীবন কে তো অনেক সময় ই দূরে সরিয়ে রাখতে হয় আমাদের। আমার কোনো আক্ষেপ নেই এতে, অভিযোগ ও না। রবিবারে বাড়ি থেকে বেরোতে আর কে চায়। আমার পাশের মানুষটাকেও কিছু চলতে থাকা experiment এর জন্যে বাধ্য হয়েই যেতে হয়েছে।  আমারও কাজ যে নেই তা নয়, একরাশ কাজ পরে আছে, অনেক calculation , অনেক গুলো analysis , অনেক গুলো লেখা বাকি। কিন্তু ওগুলোর মধ্যে থাকা বাধ্যবাধকতার বাঁধন টা আমাকে কিছুতেই ওগুলোর দিকে তাকাতে দিচ্ছেনা। সপ্তাহের শেষ বা আর একটা সপ্তাহের শুরু যে আজ, কেন তাকাবো ওগুলোর দিকে, আজ যে রবিবার।  আজ যে সবাই একসাথে থাকার দিন। sunday নয়, শুধুই রবিবার। যেটা শুনলেই মনে হয় একটা ঝকঝকে মদির সকাল, গল্প আর গান শুনতে শুনতে এমনি ই বেশ বেলা গড়িয়ে নতুন কোনো খাবারের স্বাদ নিতে নিতে আসবে অলস মধ্যাহ্ন। সেই আলসেমি পাশাপাশি থাকা খুনসুটির সাথে মিশে গিয়ে বিকেলের নরম রোদের রক্তিম লালিমা এনে সলাজ হেসে তুলে ধরবে সন্ধ্যের গভীরতা। আর সন্ধ্যে, দিনের দিবাকরকে বিদায় দিয়ে মধুনিশিকে আলিঙ্গন করার সেই পরম পবিত্র এক ক্ষণ। দিনের এমন একটা সময় যে সময়টা আমার ভীষণ আপনার, nbrc থাকার দিনগুলোতে এই সন্ধ্যে গুলোকে আমি ভীষণ ভাবে মিস করি। শাঁখ প্রদীপ ধুপ ধুনোর মধ্যে দিয়ে এখনকার এই শরৎ কালের নরম হয়ে আসা সন্ধ্যে, তার আবাহন। কি গভীর শান্তি। আর তারপরে, এই সামনের কালী মন্দিরের আরতি, হালকা হেঁটে আসা বা এমনি ই ঘরে বসে গরম চা এর সাথে নিছক আড্ডা। একটা রবিবারকে পরিপূর্ণ করে তুলতে,  সপ্তাহের বাকি দিন গুলোকে বুস্ট up করার জন্যে আর কিছু চাইকি? 
একটা দিন, যখন কাউকে একটুও বেরোতে হবেনা। সারাদিন ধরে মুখ চলুক টুকটাক করে। খাদ্য রসিক যে আমি, রসনার তৃপ্তি না হলে কোনো রস ই যে আত্মস্থ হবেনা। আর তাই রন্ধন পটিয়সী বলে যে সুনাম টা আছে, তাকে বারবার সার্থক করে তুলতে আমি একটুও পিছপা হইনা। আর এসবের মাঝে, বুড়ো লোকটা? বুড়ো লোকটা থাকবেনা বুঝি? ওই লোকটা থাকুক মাঝখানে, অথবা তা না চাইলে প্লিঙ্ক ফ্লয়েড বা কাটি মেলুহাকেও আনা যেতে পারে guns and rose এ ও আমার কোনো সমস্যা নেই। কিন্তু এই চারটে দেওয়াল এর মধ্যে যত আনন্দ হাসি কে ছুটির আলস্যের সাথে আনা যায়, আসুক সবকিছু একসাথে। হয়তো একটু কম বিজ্ঞান করা হবে। হয়তো একটু পিছিয়ে পড়বো অন্যদের থেকে, হয়তো আমাদের হাতে থাকা কোনো পুরস্কার চলে যাবে অন্য কোথাও। যাকনা, কি এসে যায় তাতে। তবু এই চার দেওয়ালের মধ্যের ফুলের গন্ধ এর যে মাতলামো তাতো আর অন্য কেউ ছিনিয়ে নিতে পারবেনা। 

আজকের আকাশটা ভীষণ নীল। তাতে ফুলো ফুলো সাদা সাদা গোবলু গোবলু মেঘের দল ভেসে যাচ্ছে। আমি খুশি, ওই বদমাশ মনখারাপ কিছুতেই কাবু করতে পারেনি আমায়। একটা আলস্য ভরা মায়াবী দুপুরের ইচ্ছে আমার এই নিছক ছেলেমানুষি রোজকার ইচ্ছের ব্লগটাতে লিখে রাখতে রাখতে ভাবছিলাম। ভাবছিলাম দূর থেকে ভেসে আসা কয়েকটা কথা। ইচ্ছে খাতার ইচ্ছের লিস্ট গুলো বাড়ছে। কোনোদিন বসবো হয়তো ওই লিস্ট গুলো নিয়ে। কিজানি। কাশের বনের যে হাতছানি উপেক্ষা করে আজ দৌড়ে বেড়াতে হচ্ছে, সেদিন হয়তো সেই হাতছানিতে সাড়া দিতে পারবো। জানি হালকা সুতোর কাজ করা ধপধপে সাদা নরম পর্দায় সেদিন ঝড় উঠবে। আর সেই ঝড়ের সাক্ষী হোক  শুধু ওই ভায়োলেট পিঙ্ক মেশানো একরাশ 'লিলি'। আর সেদিন, সেদিন ওই একরাশ লিলিকে জড়িয়ে ধরে বলবো এগুলো 'আমার'। তাকে জড়িয়ে ধরে, আদরে সোহাগে ভরিয়ে দিতে দিতে বলবো শুধু আমার। আমার। আমার। দূরে কোথাও সাদা পাথরের ওপরে টুপটাপ ঝরে পড়বে রক্ত রাঙা রঙ্গন। 

Saturday, 8 September 2018

Nobody should ever pay much attention to those who don't deserve and value for it./
but yes do keep behaviour as same as it /
let them think you emotional stupid
but you should know what actually mean by it/
those who play with emotions or lie for no reason/
we are nobody but time will give them life lesson/
we should just wait and watch/
and make our lives as best as we can do/
Sometimes we waste so much time just to improve life others'/
but to an extent, not much, let them feel that too/
However, it's my own instinct to love and care/
which I will keep unchanged for forever/
time changes, people get changes with time and surroundings/
no matter, no matter for anything/
No matter how far or near/
but I will be always there/
I may get hurt, I may go far/
however, everything I will keep unchanged in all endeavor. 😊

Wednesday, 29 August 2018

"মোর লাগি করিওনা শোক
আমার রয়েছে কর্ম, রয়েছে বিশ্বলোক।
মোর পাত্র রিক্ত হয়নাই-
শূন্যেরে করিব পূর্ণ,
এই ব্রত রহিবে সদাই।
উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষায় থাকে
সেই ধন্য করিবে আমাকে
শুক্লপক্ষ থেকে আনি
রজনী গন্ধার বৃন্তখানি যে পারে সাজাতে
...................

...........

কোনোদিন কর্মহীন বসন্ত বাতাসে
অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস
ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ। ........" ........
...............................শেষের কবিতার এই শেষ কেন বারবার কানে বাজে। "শেষ নাই যার শেষ কথা তার কে বলিবে ". হে আমার মহিমাময়, আমায় আলো হয়ে ঘিরে থাকো, নতুন ভোরের আশ্বাস দাও। আমায় ভোর দেখাও।

Tuesday, 28 August 2018

ইমন কল্যাণ

অল্প জ্বরের অজুহাত সপ্তাহের শুরুতেই দিয়ে গেল হটাৎ ছুটির সুযোগ। হাতের কাজ আর তার সামনে রইলো মেঘলা দিনের অলস মধ্যাহ্ন। ঘুম ঘুম ঘোর লাগানো দুপুরবেলাটাতে কখন ঘুমিয়ে গেছিলাম। আর ঘুমিয়ে একটা স্বপ্ন দেখলাম। একটা বাড়ি, গঙ্গার ওপরে, এ বাড়ি কল্পনাতে আমি অনেক দেখেছি, কিন্তু স্বপ্ন তো নাকি যা দেখা হয়নি কোনোদিন, তাকে দেখা যায়না, তাহলে কেন দেখলাম। জানিনা। আর সেই নিয়ে ঠিক ভাবতেও ইচ্ছে করছেন। কিকারণে যে কল্পনাতে থাকা একটা জগৎ হটাৎ স্বপ্নে এসে ধরা দিয়ে গেল জানিনা। ঘুমোনোর কিছু আগে দেখছিলাম ব্যোমকেশ এর সত্যান্বেষণ। তাই গঙ্গার ছলাৎ ছলাৎ সেই সূত্র ধরে বা হয়তো কিছুদিন আগে আমার গঙ্গার জলে পা ডুবিয়ে বসে থাকার প্রবল ইচ্ছে নিয়ে এই রুক্ষতার শহরে ফিরে আসার সূত্র ধরে, কানে বেজেই চলেছিল।

ঘুমের মধ্যেও সেই সুরের রেশ আমার পিছু ছাড়লনা, বরং নিয়ে গেলো কখনো না দেখা একটা বাড়িতে। ঘোরানো ঘোরানো আগেকার দিনের ব্রিটিশ আমলের সিঁড়ি। আমি যেন কি খুঁজছিলাম, তাই উঠেই  চলেছিলাম। অবশেষে পৌঁছলাম একটা ঘরে, অনেক ওপরে। তিনপাশে বড় বড় জানালা, নিচে তাকালেই দেখা যায়, স্রোতস্বিনী গঙ্গা। যার রং হতে পারে ঘোলা, কিন্তু ওই যে নিজের মহিমাতে যে অনায়াসে তুচ্ছ করে দিতে পারে, পাশ্চাত্যে আমার যেখানে থাকার কথা, তার সামনে দিয়ে বয়ে চলা স্প্রী কেও। না তাবলে আমি স্প্রী কে ছোট করছিনা, সে তার মতো করে সুন্দর। ভীষণ সুন্দর। কিন্তু আমাদের এই গরিব দেশের অজস্র না পাওয়ার মাঝখান দিয়ে অমন দরাজ মনে বয়ে চলা, কত ইতিহাস ধুয়ে নিয়ে আসা চোখের জল হয়তো মিশেছে এতে, প্রেমিকের না পাওয়ার বেদনা, প্রেমিকার বঞ্চনার হাহাকার, আবার কখনো বা হাত মিলে গেছে হাতে। একে অপরের আঙ্গুল জড়িয়ে নিয়ে ওই পবিত্রতাকে সাক্ষী রেখে স্বপ্ন দেখেছে বেঁচে থাকার। প্রদীপ ভাসিয়ে সুন্দরকে করা হয়েছে আহ্বান। বিগত কে করা হয়েছে স্মরণ। সেই আমার প্রাণের নদী। খুব কাছের। ওই স্বপ্নে দেখা সেই ঘরটা থেকে যেদিকে তাকানো যায়, শুধু সেই প্রাণের নদীকেই দেখতে পাওয়া যায় যেন। আর বেশি কিছু মনে পড়ছেনা ঘরটার, শুধু একটা বই ঠাস হয়ে থাকা কাঁচের আলমারি, একটা কাঁচের টেবিল, তাতে একটা ডায়েরি, গাঢ় নীল রঙের একটা পেন সোনালী দিয়ে কিছু লেখা। পেন টা খুব স্পষ্ট ছিল। আর একটা ফুলদানিতে একরাশ ফুল ছিল। আর যদিও কিছু দেখলামনা শুধু মনে পড়ছে চেয়ার টাতে খুব বসতে ইচ্ছে করছিলো। কিন্তু স্বপ্নটাকে আরো একটু কল্পনার রঙে রাঙিয়ে আমি ঘরের কোণে রাখলাম একটা লম্বা ফ্লাওয়ার পট যাতে থাকুক একরাশ রজনীগন্ধা। আলো থাকুক দুরকম। একটা ভীষণ সুন্দর টেবিল ল্যাম্প। আর একটা হোক রাতের গভীরতা নিয়ে মায়াবী লণ্ঠন। পুরোনো, ব্রিটিশ আমলের কাজ থাকুক তাতে। রেকাবিতে অগোছালো পরে থাক জুঁই বা বেল। সযত্নে থাকুক আমার বেহালাও। যেদিন আকাশে এই গতকাল রাতের মতোই চাঁদ উঠবে। সমস্ত আকাশ বাতাস যখন শিহরিত হয়ে উঠবে, নদীতে তখন আসুক ভরা জোয়ার। ভাসিয়ে নিয়ে যাক ওই ডিঙি নৌকাকে। আর সেদিন ছাদের ওপরে চাঁদের আলোয় ভীমপলাশী, ভূপালী, বাগেশ্ৰী, বেহাগ, ইমন কল্যাণ, দরবারী কানাড়া, চন্দ্রকোশের সুর চাঁপার গন্ধের সাথে মিশে যাক। সেদিন ঝড় উঠুক। রাত্রি সেদিন শুধুই সুন্দর নয়, মদির হয়ে নামবে এই পৃথিবীতে। আর সুন্দরের পূজারী হয়ে নদীতে ভেসে যাবে অজস্র প্রদীপ।

আমাকে একবার একজন জিজ্ঞাসা করেছিল, চারপাশের পৃথিবীতে এত সমস্যা, হানাহানি খুনোখুনি, তুমি সেসব দিক থেকে মুখ ফিরিয়ে শুধুই সুন্দরের গুনগান করতে থাকো কেন ? তোমার কিছুই যায় আসেনা? জানিনা। এর উত্তর এ অনেক কথাই বলা হয়তো যেতেই পারতো, আজ ও হয়তো যায় ও। কিন্তু না ইচ্ছে করলোনা।তাই সেদিনের মতো আজ ও বলি, আমি স্বার্থপর। তাই, প্রতিদিন যখন মানুষ মারছে, মরছে,  তখন আমি চোখ এর ওপরে রঙ্গীন স্বপ্নের পর্দা ফেলতে চাইছি। খুঁজছি ফুলের আলতো আদর, চোখ ভোরে নিতে চাইছি জ্যোৎস্না মাখা আলোতে অথবা সুরের মধ্যে বিভোর হতে চাইছি। কি করবো, চাইলেও কি এই চারপাশের রক্তাক্ত উন্মাদনা আমি বন্ধ করতে পারবো? পারবোনাতো। তার থেকে বরং যে মায়ায় প্রকৃতি আচ্ছন্ন করতে চায় আমাদের, নাহয় সব কিছু ভুলে সেই মায়ায় ভুললাম ই। এমন তো নয় যে এ মায়া ক্ষণিকের। আমরা কেউ দেখি বা না দেখি, সূর্য্য রোজ আকাশ লালে লাল হয়ে উঠবে, চাঁদ এর আলোয় আদিগন্ত চরাচর এক অসামান্য মায়ায় জ্বলজ্বল করবে। শুকতারা তার মিটিমিটি চোখ তুলে এমনি করেই তাকাবে, রোজ। আমরা দেখি বা না দেখি। তাই চারপাশের হিংসা,  মারামারি, ইঁদুর দৌড়, প্রতিদন্দ্বিতা, কে কাকে ফেলে আগে দৌড়ে যাবে, কে কত বেশি জীবনে সফল, এসবের তুল্য মূল্য বিচারে না গিয়ে নাহয় ওই যে চিরন্তন এই মায়ায় নিজেকে নাহয় জড়িয়ে রাখলাম আষ্টেপৃষ্ঠে, কি এসে যায় তাতে। সংসার পরিবর্তনশীল। সমস্ত কিছুই চক্রবৎ পরিবর্তন হয়ে চলে। শুধু পরিবর্তন নেই এই মায়ার। তাই একবার যদি এই মায়াতে মজে যেতে পারি, আমৃত্যু আমাকে অমৃতের সন্ধান পাওয়া থেকে কেউ বঞ্চিত করতে পারবেনা। তাইতো চাঁদ দেখতে দেখতে কখন পার হয়ে যায় বিনিদ্র রজনী , কখনো বা হাঁটা পথের শ্রান্তি ও মুখের হাসি কেড়ে নিতে পারেনা। বাবার অনুপস্থিতির বেদনাও কেমন যেন ওই সূর্যাস্তের সাথে এক হয়ে মিশে যায়, পুনরায় ফিরে পাবার সেই আগামীর ভোরের আশা নিয়ে।
তাই আমার সন্ধ্যার ইমন কল্যাণ বারবার সুর তোলে। জীবনের হাজার সমস্যার মধ্যেও জীবনকে স্বপ্ন দিয়ে সুন্দর করে সাজাতে চাই , করিনা? ক্ষতিকি ? যতদিন স্বপ্ন দেখতে পারি, দেখিনা? তারপরে যদি ওই ওপরে যে বসে আছে, একদিন যদি ইচ্ছে করে, আমার সব স্বপ্ন ভেঙে দিতে, দেবে, আমার কাছেতো সে মহাপ্রলয় থামাবারও যে কোনো উপায় নেই। সে যবে হবে হবে, তবে তার আগে পর্যন্ত আমি না হয় প্রাণ ভোরে নিশ্বাস নি। ভোর বেলাতে হালকা চাদর গায়ে দিয়ে দিলে, যেমন সেই চাদর টাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে মানুষে শান্তি আর স্বস্তি তে আবার ঘুমিয়ে পরে, আর সেই শান্তির রেশ লেগে থাকে ঘুম ভেঙে উঠে সারাদিনটার মধ্যে। সেইরকম ই আমার এই স্বপ্ন মাখা চাঁদের আলো কে আমি জড়িয়ে থাকতে চাই। আর চাই ওর ওই আদরটা থেকে যেন কেউ কোথাও না বঞ্চিত না হয়। ওই আদোরে জড়ানো শান্তি জড়িয়ে থাকুক , তোমাকে, আমাকে, সবাইকে। ওই স্বস্তির নিঃশ্বাসটা আমি অনুভব করতে চাই। খুব।

Friday, 24 August 2018

মালকোশ

জ্যোৎস্না রাত। চাঁদের ওই অর্ধচন্দ্রের থেকে আর একটু বেশি তাকানো টা মনে করিয়ে দিলো, কিছুদিন আগের শোনা ঝুলন পূর্ণিমার কথা। আর ঠিক দুদিন পরেই সেই পূর্ণিমা।  শহরের কোলাহল থেকে অনেক দূরে, এই সবুজ আদিগন্ত এর জ্যেৎস্নাস্নান দেখতে দেখতে কেমন যেন খুব শান্ত লাগলো। সামনে জঙ্গলের থেকে ভেসে আসা ঝিঁঝি পোকার ডাক, ডিড ইউ ডু ইট পাখির হটাৎ চমকে দেওয়া, আমার অন্ধকার রাতের ব্যালকনি টাকে ভীষণ এক মুগ্ধতায় মুড়ে দিতে থাকলো। চুপ করে, একেবারে শান্ত করে এই মুহূর্ত গুলোকে সর্বান্তঃকরণে শুধু অনুভব করতে লাগলাম। 

সামনের পূর্ণিমা যখন আসবে, তখন আমি আর মনে হয় থাকবোনা আমার এই ব্যালকনি টায় দাঁড়িয়ে। জ্যোৎস্না ভেজা রাত কি এমন করেই আসবে? এই ব্যাল্কুনিটাতেও কি অন্য কেউ দাড়াঁবে? এইরকম পাগলের মতো না ঘুমিয়ে চাঁদ দেখবে, পাছে চাঁদ হারিয়ে যায় বলে? সত্যি কি বোকা বোকা সব কথা বলিনা? এই জন্যেই এত বকুনি খাই। কারোর জন্যে কি কিছু থেমে থাকে না থিম থাকা উচিত। আমরা সবাইতো নির্দিষ্ট কিছু সময়ের জন্যে, আমাদের ওই সময়টুকুর জন্যে আমাদের জন্যে রাখা কাজটুকু শেষ করতে আসি। আমার বলে কি কিছু হয়, যে সব সময় আমার বলি? আমার ঘর, গাছ, আমার চাঁদ, জ্যোৎস্না রাত, শীতের শিশির, চাঁপার গন্ধ। কিছুই যে কারোর নয়। খুব স্বার্থপর তো আমি।  শুধু আমি আর আমি। এইটুকু লেখার মধ্যে কতবার বললাম, আমি আমি আর আমি। তাইনা? আচ্ছা, এত জানি, তবু আমার বললাম কেন একে। যা আমার কিছুই নয়, তার ওপরে এত অধিকার বোধ দেখাই কেন ? এতো আমার ভারী অন্যায়, আমার এই একান্ত স্বভাব বিরুদ্ধ কাজে শুধু যে কিছু অভ্যাস এ বাঁধা পরে চলেছি সবাই। এরপর হটাৎ যদি কেউ এসে বলে, কোন অধিকারে তুমি এত অধিকার দেখাও? কি বলবো আমি তখন? একবার মনে হলো, বলি, বেশ করেছি, ওই চাঁপারা তো রোজ ই ফোটে, ওই আকাশ তো রোজ লালে লাল হয়ে জাগায় আর চাঁদনী রাত ও তো এক ই ভাবে ঘোর লাগায়, তুমি কেন মাখলেনা ওই চাঁদের আদর। তাইতো ওই আদরের লোভে আমি জেগে আছি আজ। 

কিন্তু না, এ যে শুধুই কথার পৃষ্ঠে কথা জোড়া হবে। আমার বলে যে সত্যি ই কিছু হয়না। বড় ক্ষনিকের এই সব কিছু। সমস্ত কিছুর মধ্যেই হয়তো আমাদের সমস্ত স্বত্বা লীন হয়ে থাকে, মিশে থাকে। তাই আমি সবের মধ্যেই আছি কিন্তু আমার কিছুই নয়। বিশ্বজোড়া শুধুই যে মায়ার ফাঁদ। তবে এ মায়া থেকে আমি পালাতে চাইনা, চাইনা এ মায়া ছিন্ন করতে। সংসারের মধ্যে থেকে আমি এক খুব সাধারণ নারী হয়ে সবকিছুর মধ্যে থেকে মায়া খুঁজে নিতে ভালোবাসি। সুখ নয়, দুঃখ নয়, যেন এই সুন্দরের কাছে ম্লান হয়ে যায় সমস্ত চাওয়া পাওয়া। শুধু মনে হয় এই মায়ায় যেন এমনি করে আজীবন সবকিছু সবসময় সুন্দর হয়ে সবাইকে জড়িয়ে থাকুক। আর এই নিস্তব্ধ রাতের গভীরতার সাথে একাত্ম হয়ে গিয়ে মনে মনে আবৃতি করতে ইচ্ছে হয় স্বামীজীর সেই বিখ্যাত শব্দ সম্ভার -

"ভ্রান্ত সেই যেবা সুখ চায়, দুঃখ চায় উন্মাদ সে জন—
মৃত্যু মাঙ্গে সেও যে পাগল, অমৃতত্ব বৃথা আকিঞ্চন।
যতদূর যতদূর যাও, বুদ্ধিরথে করি আরোহণ,
এই সেই সংসার-জলধি, দুঃখ সুখ করে আবর্তন।
পক্ষহীন শোন বিহঙ্গম, এ যে নহে পথ পালাবার
বারংবার পাইছ আঘাত, কেন কর বৃথায় উদ্যম?
ছাড় বিদ্যা জপ যজ্ঞ বল, স্বার্থহীন প্রেম যে সম্বল;
দেখ, শিক্ষা দেয় পতঙ্গম-অগ্মিশিখা করি আলিঙ্গন।
রূপমুগ্ধ অন্ধ কীটাধম, প্রেমমত্ত তোমার হৃদয়;
হে প্রেমিক, স্বার্থ-মলিনতা অগ্নিকুণ্ডে কর বিসর্জন।
ভিক্ষুকের কবে বলো সুখ? কৃপাপাত্র হয়ে কিবা ফল ?
দাও আর ফিরে চাও, থাকে যদি হৃদয়ে সম্বল।
অনন্তের তুমি অধিকারী প্রেমসিন্ধু হৃদে বিদ্যমান,
'দাও, দাও'-সেবা ফিরে চায়, তার সিন্ধু বিন্দু হয়ে যান।
ব্রহ্ম হ'তে কীট-পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়,
মন প্রাণ শরীর অর্পণ কর সখে, এ সবার পায়।
বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর?
জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।।"

 আর আজ এখন আবার সেই খুব সত্যি আর খুব সুন্দর কথাটা মনে করে আজকের নিশিযামিনীকে বিদায় জানালাম ।   

asato mā sad gamaya,
tamaso mā jyotir gamaya,
mṛtyor mā amṛtaṃ gamaya,
Om shanti~ shanti~ shanti hi~~

Lead me from falsehood to truth,
Lead me from darkness to light,
Lead me from death to the immortality
Om peace peace peace
আমাকে অসত্য থেকে সত্যের পথে আনো , 
আমাকে অন্ধকার থেকে আলোর পথ দেখাও 
আমাকে মৃত্যু থেকে অমরত্বের পথ দেখাও 
ওঁম শান্তি শান্তি শান্তি 
 
আমাদের চারপাশের সবকিছু, সমস্ত সম্পর্ক, যা কিছু পার্থিব বা অপার্থিব সব কিছু খুব সুন্দর। খুব সত্যি। হয়তো কখনো কখনো সময়ের টানা পোড়েনে তাতে তিক্ততার ছোঁয়া লাগে। হয়তো পারিপার্শ্বিকের চাপে তার মধ্যে অসুন্দরের ছায়া এসে পরে। কিন্তু এসব কিছুই এই চাঁদের কলংকের মতোই। ঠিক সময়ে, যখন জ্যোৎস্নায় চরাচর ভিজে নরম হয়ে যাবে তখন আর ওই কলঙ্ক চোখেই পড়বেনা, তার সবকিছু খুব স্নিগ্ধ, নরম আলোর মতো করে জড়িয়ে থাকবে আমাদের। কখনো তা চাঁদনী রাতের আদর হয়ে আমাদের রোমাঞ্চিত করে যাবে, কখনো তা দিন শুরুর নরম সোনালী রোদ্দুর হয়ে উজ্জীবিত করবে, কখনো বা কর্মরত মধ্যাহ্নের জানলা দিয়ে বাইরে দেখার আবেশ আনবে আবার কখনো তা দিনশেষে ঘরে ফেরার প্রিয় স্পর্শ দেবে। আর সমস্ত কিছুর মধ্যে বারংবার উপলব্ধি দিয়ে যাবে সেই গভীর স্নেহ, মমত্ব, ভালোবাসা আর শান্তির।

চাঁদ ঢলে গেছে, মালকোশের সুরের মতো, রেশ পরে আছে তার। আর বাতাসে আনমনে ভেসে বেড়াচ্ছে চাঁপার গন্ধ। শ্বেত শুভ্র পাপড়ির মাঝে হালকা হলুদ আলো দেওয়া নরম ভালোবাসা। 


Wednesday, 15 August 2018

অপরাহ্নের আলো

অপরাহ্নের আলোয় সেদিন আকাশে ঘোর লেগেছিলো। মেঘের আড়াল থেকে ঠিকরে বেরোনো সোনার টুকরো, গঙ্গার ছলাৎ ছলাৎ এর সাথে মিশে গিয়ে কেমন বাক্যহারা করে ফেলেছিলো। হটাৎ চোখে আসা সবুজ মনে করিয়ে দিয়ে গেল, ছোটবেলার মাধবীলতা আর অপরাজিতায় মোড়া আমাদের বাড়িতে ঢোকার সেই গেট টার কথা। অযত্ন রক্ষিত কিন্তু কি অপরূপ সুন্দর। চোখ বন্ধ করে বাড়ি বলে ভাবলেই প্রথমেই ভেসে আসে গেট এর কথা। আর তারপরেই মনে হয়, সামনের ঘরের সোফার ওপরে হাতে কোনো একটা বই নিয়ে পা দুটোকে ক্রস করে বসে আছে আমার বাবা। ঐভাবে বসাটা আমার বাবার থেকেই শেখা। চেয়ারে বসলে ঐভাবে। আর মাটিতে বা বিছানায় বসলে কখনো পদ্মাসনের ভঙ্গিতে কখনো বা ওই যে যেইভাবে সেতার বাজায় , সেইভাবে।

সেই দিনও মনে পড়লো ওই গেট এর কথা। গেট টা ঠেলে সত্যি ই কি কেউ ভেতরে এসে দাঁড়ালো। একে অপরের হাত ধরে, দুজনের ই কি অভিমানী মনের কোণে ঘুমিয়ে থাকা অজস্র ইচ্ছেরা হটাৎ ছেলেমানুষি সুরে বাইরে বেরিয়ে এসেছিলো? ছাতা না খুলে সেদিন গায়ে মাখলাম বৃষ্টির জল। বইয়ের গন্ধ নাকে নিয়ে আদর করে ঘরে আনলাম কিছু জানা কাহিনী, কিছু অজানা তথ্যের সম্ভার। আর কালো কফির গন্ধ আমাকে কেমন যেন বেহিসেবি করে তুললো সেদিন। দেয়া নেওয়া, জামাখরচ আর সব কিছুর হিসেব ভুলে গিয়ে শুধু শুনতে ইচ্ছে করছিলো। কিকথা? কিজানি। কিন্তু শুনলাম কত কথা। হালকা মজা, গল্প, কিছু সুর, আবার কিছু কাঠিন্যের আবডালে আবদার রক্ষার তাগিদ। অনুভব করলাম। আর এই সব কিছুর মধ্যে বোকার মতো সত্যি ই ভুলে গেলাম হিসেব। কর্তব্য। যে কর্তব্যে এই কয়েকবছর নিজেকে আষ্ঠেপৃষ্ঠে বেঁধে রেখেছি, কোনো কোথাও চুলচেরা হিসেবে এতটুকু শৈথিল্য যে কোনোদিন হতে দেয়নি, সেই আমি ই সেদিন সত্যি ই দেনা পাওনার সব হিসেব, কর্তব্য ভুলে চুপ করে বসে ছিলাম। আর তারপর অপরাহ্নের আলোয় ভেসে যাওয়া ডিঙি নৌকা, মনের মাঝে বয়ে চলা নির্বাক শান্তির সাথে মিশে গিয়ে আমাদের চারপাশের সমস্ত কিছুকে যেন এক অপরূপ বাঁধনে বেঁধে ফেললো। সেদিন ছিল ভাঁটা।

তবে সেই "বন্ধনহীন গ্রন্থি"র টান অনুভব করলাম, আজ। আজ ছিল ভরা জোয়ার। জোয়ারে উথাল পাতাল গঙ্গা আমাদের পাশ দিয়ে বয়ে যেতে যেতে খুব আদর মাখিয়ে সারাদিনের ওই কয়েকটা ঘন্টার মদিরাতা তুলে ধরছিল। ওই যে পায়ে পা মিলিয়ে রৌদ্রতপ্ত দুপুরে হেঁটে বেড়ানো। আড়চোখে দেখতে পাওয়া মাটির লস্যির ভাঁড়ে আবেশ মাখানো সলাজ চুমুক। অনেকজনের মাঝে খোলা আকাশের নিচে একসাথে ভাগ করে খাবার খাওয়া। এই সব সব কিছু আমার কাছে একেবারে প্রথম। এই সবকিছুর মধ্যে দিয়ে হটাৎ করে যেন চারপাশের পৃথিবীটার বয়স অনেকটা কমে গেছিলো। খুব মিষ্টি লেগেছে আদর মেশানো হালকা ধমকের সুরে বলা 'খেয়ে নাও' . ওই সুর মনে এসে এখনো ঠোঁটের কোণে হাসির রেখা টেনে দিয়ে গেল। ওই সুর আর এই কয়েকদিনের সখ্যতা হটাৎ যেন বাবার হাত ধরে রাস্তা পার হওয়া থেকে হটাৎ বড় হয়ে যাওয়া দায়িত্ব কর্তাব্যপরায়ণ মেয়েটাকে আবার কেউ আদর করে হাত ধরে রাস্তা পার করে দিলো। অজস্র জটিলতা আর দায়িত্ব কর্তব্যের ঘেরাটোপে থাকা দুটি মন একটু বেশি উচ্ছল হয়ে উঠেছিল কি আজ ? কিজানি, হবে হয়তো। তবে আনকোরা আমার মনে ভেসে এসেছিলো আজ বেহাগের সুর। উচ্ছলতা সেখানে স্থির শান্তির সাথে মিশে গিয়েছিলো। গঙ্গার ছলাৎ ছলাৎ বারবার বলছিলো সব কিছুকে দুচোখ ভোরে নিতে। আর বলছিলো এই যে মুহূর্তরা ভিড় করে আসছে, তৈরি হচ্ছে একের পর এক মুহূর্ত। আবার তাও ভেসে চলে যাচ্ছে, এইরকম ই সময় সব কিছুকে ভাসিয়ে নিয়ে চলে যায়। পরে থাকে ওই মুহূর্তরা। আর আজ হটাৎ একি অসম্ভব এক মুহূর্তে, আমার পরিমিত, কর্তাব্যপরায়ণ আমির ভীষণ বেহিসেবি হয়ে আত্মপ্রকাশ, আমার আমিকেই ভীষণ লজ্জায় ফেলে দিলো।
আজ সকালে বেরোতে যাবো, হটাৎ দেখলাম, গেট এর পাশে হয়ে থাকা অপরাজিতা গাছে এক গাঢ় নীল অপরাজিতা। বৃষ্টিস্নাত, সবুজের মাঝে নীল। কি স্নিগ্ধ। কি সুন্দর। ফুল তুলতে আমি ভালোবাসিনা। কষ্ট হয়, কিন্তু তাও এর মধ্যের ওই রোমাঞ্চিত গাঢ় বার্তা পৌঁছে দিতে ইচ্ছে হোলো, অন্য কোথাও, অন্য কোনোখানে। অনেক ভালোলাগার আর অনেক ভালোবাসায় মুড়ে ওকে আলতো করে তুলে রেখেছিলাম ব্যাগ এর ভেতরে। সারাদিনের সব কিছুর মাঝে যখন হারিয়ে ফেললাম মনের মাঝে গুছিয়ে রাখা কিছু ইচ্ছেকে। তখন বুকের মধ্যেটা হটাৎ ছটপট করে উঠলো, মনে হলো কি করে দি, কেমন করে পৌঁছে দি আমার ওই আলতো আদরকে। হাতে থাকা অনেক কিছুকে এক নিমেষে কেমন যেন ভুলে গেলাম, দৌড়ে মাঝরাস্তার মধ্যে এসে হাতে তুলে দিলাম ওই শুখনো হয়ে যাওয়া নীল আদরকে। আর তারপরেই যেন একরাশ লজ্জা এসে ঘিরে ধরলো আমায়, কেন লজ্জা আর কিসের জন্যে তা, জানিনা। ভুলে গেলাম রাস্তার কথা, দাঁড়িয়ে থাকা হলুদ ট্যাক্সি। মনে হলো যেন ওই একটা ছোট্ট নীল ভালোবাসা আমার মনের অনেকটা কোথাও উন্মোচন করে দিলো। গাল আর কানের মধ্যে এক অদ্ভুত উষ্ণ অনুভূতি, আমাকে দাঁড়াতে দিলোনা, লজ্জা অথচ দিতে পারার এক অদ্ভুত আনন্দ আমাকে প্রায় উড়িয়ে নিয়ে এলো, সাহস হলোনা ফিরে তাকাতে। আর তারপর, সমস্ত রাস্তা কেমন যেন ওই হলদে অপরাহ্নের আলোতে আমায় স্তব্ধ করে নিয়ে এলো। বুকের মধ্যে এক অদ্ভুত শান্তি মনের গভীর অন্তস্থল পর্যন্ত আলোয় ভরিয়ে রেখেছিলো। অভ্যেস বশত একবার বিচারে বসেছিলাম ঠিক ভুলের দণ্ড হাতে। আমার গভীর ভালোলাগায় তা অনন্য ভাবে আমার কাছেই ফিরে এলো। দিতে আমি সবসময় ই খুব ভালোবাসি। কিন্তু ওই সামান্য একটা নরম পাপড়ির আলগোছ আদর দিতে পারার মধ্যে যে এত ভালোলাগা লুকিয়ে থাকতে পারে, ওই সুন্দরকে হাতে তুলে দিয়ে যে এমন পরিতৃপ্তি আসবে, এত প্রশান্তি, ভাবিনিত কখনো। বুঝিনি তো তা।

মনে হলো, ভরা গঙ্গার ছলাৎ ছলাৎ শুনতে পেলাম। গীতবিতানের পাতার পর পাতার এক একটা শব্দরাশি যেন নানান ভাবে নানান ছন্দে সুরে সুরে আমার চারপাশে এক অদৃশ্য মায়াজাল রচনা করে রাখলো। মনে হলো, ওই নীল অপরাজিতা আর ওই বুড়ো লোকটার সৃষ্টির মধ্যে দিয়ে আমি যেন আমার সমস্ত না বলা কথাকে বলতে পেরেছি। সময়ের নিয়মে হয়তো একদিন পথ দুই পথিককে এক পথে কিছু সময় পাশাপাশি হেঁটে যেতে দিলো। এরপর হয়তো আবার পথের ই নিয়মে তা আলাদা করে দেবে ওই দুই মনকে। কিন্তু তবু ওই বুড়ো লোকটার অমোঘ সৃষ্টি তখনো সেতু হয়ে থাকবে সব কিছুর মধ্যে। হয়তো হলুদ আলোর নিচে বসে ওই বইটার পাতা ওল্টাতে ওল্টাতে আর কেউ নদী বলে ডেকে উঠবেনা। খোলা চিঠি, গোলাপওয়ালার হাত ধরে গোলাপের গন্ধ নিয়ে একরাশ জুঁই ফুলের নরম ইচ্ছে হয়ে পরে থাকবেনা হয়তো আর। হয়ত ওই অভ্যেস গুলো তখন আর দরকার হবেনা কারোর।
তবু আজকের যা কিছু তা তো আজকের ই। আমি জানবো এ আমার অনেক গভীরের খুব শান্তির আর ভালোলাগার বহিঃপ্রকাশ। এর মধ্যে আর যাই থাকুক কোনো মিথ্যের আবডাল নেই, নেই সত্যি গোপনের প্রয়াস। নেই কোনো বাঁধনের বাড়াবাড়ি বা অধিকারের দমবন্ধ তা। তুমি থেকো, তোমার মতো করে। যেদিন মনে হবে, সব ফেলে চলে যেও। তবু আজকের যা কিছু তা আজকের ই। মিথ্যে দিয়ে মনভোলানো র প্রয়োজন যেন কখনো না হয়ে পরে। আজকের অভ্যেস যেন কালকে রাস্তা না রোধ করতে আসে। প্রার্থনা করি স্বপ্ন দেখতে যেন আমি চিরকাল পারি। আর আজ আমার ওই স্বপ্নের একফালি তোমার কাছে পৌঁছে দিলাম। যেখানের আকাশ সবসময় নীল, শিরশিরে দখিনা বাতাস, শিলং পাহাড়ের মতো ঘন গাঢ় সবুজ আর জ্যোৎস্নার মতো স্নিগ্ধ। সেই সবটুকু আমি পৌঁছে দিলাম তোমার কাছে।
সময়ের সাথে সাথে আমাদের বোধ হয় উন্নত, পরিণত। আমরা তখন আমাদের না পূরণ হওয়া ইচ্ছেগুলোকে আর পুরান করার জন্যে না দৌড়ে, তাকে ভবিষ্যতের হাতে গচ্ছিত রেখে দি। আর প্রতিদিনের টানাপোড়েনে ওই যে সবার অলক্ষ্যে যে বসে আছে, সেই লোকটা যখন হটাৎ করে জোয়ার এনে দেয় , ভাসিয়ে দেবার সমস্ত উপকরণ সামনে রেখে মুচকি মুচকি হাসে, তখন যদি ভেসে না গিয়ে আমরা ঠিক আজকের মতোই নদীর পাড়ে দাঁড়িয়ে তার উচ্ছলতা দেখি। আর হাসিমুখে হাতে হাত রেখে একে অপরের অনুভবের মধ্যে অসংখ্য সুন্দর মুহূর্তের সঙ্গে আরো কিছু সুন্দর মুহূর্ত মিশিয়ে দি, তখন একদিন যখন ফিরে তাকাবো তখন জানি অজস্র ভালো খারাপ স্মৃতির মাঝে শুধুই ওই সুন্দর মুহূর্ত গুলো আমাদের ঠোঁটের ওপরে হাসির রেখা এনে দিয়ে যাবে। আর সেদিন ইচ্ছেপূরণের চাবিকাঠি হাতে আসুক বা না আসুক, সেদিন আমরা যত্ন নিয়ে খুব ভালোবেসে আজকের দিনের এই সমস্ত সুন্দর মুহূর্তকে ভাববো। হয়তো একসাথে, হয়তো আলাদাভাবে। আর ওই বুড়োলোকটার সৃষ্টি গুলো পরে থাকবে আমাদের মাঝে। তাবলে ভেবোনা যেন তুমি নিজের অযত্ন করতে পারবে, ওই যে সবুজ পাতা গুলো? ওগুলো কিন্তু মোটেও আমাকে মনে করানোর জন্যে নয়, ওগুলো শুধুই একজনের খোঁজ নেবার জন্যে। ওগুলো সামনে থাকলে আমি জানি, জল না নিয়ে একজন বেরোতেই পারবেনা। পারবেনা খাবার না খেয়ে অযত্ন করতে নিজের। আর সাবধানে রাস্তা চলতেই হবে তাকে। রাতে স্নানের পরে ভালো করে মাথাও মুছতেই হবে।
আর এইভাবেই আমাদের এই "বন্ধনহীন গ্রন্থি" দিয়ে এক অমোঘ বাঁধনে বাঁধলাম তোমায় আমি আজ। যাতে তুমি পাবে তোমার খোলা আকাশ, উড়ে বেড়াবার অবাধ গতি। তবে দিনশেষে ক্লান্তি এলে, থাকবো আমি দুহাত বাড়িয়ে। আর বাকি যা কিছু সব রইলো আমার বৃষ্টিস্নাত নীল অপরাজিতা আর ওই একটা বইয়ের মধ্যে। ঠিক যেভাবে ওই শুকিয়ে যাওয়া নরম পাপড়ি গুলোকে তুমি তোমার আদোরে জীবন্ত করে রেখেছিলে, সেইভাবে রেখো সবকিছু প্রাণবন্ত করে। আর অপরাহ্নের আলোতে তোমার কাছে, আমার কাছে গলে গলে পড়ুক আমাদের চিকন সবুজের মাঝে রক্ত নীল সোহাগ। আর খুব আদোরে, ভালোবাসায়, নরম হয়ে তোমাকে জড়িয়ে থাকুক তা। 

GOd Help them who help themselves . ভগবান তাকেই সাহায্য করে, যে নিজে নিজেকে সাহায্য করে

 আমাদের জীবনে অনেক রকম phase আসে। আমি বিশ্বাস করি, এই প্রত্যেক মুহূর্তের নিজস্ব কিছু কারণ থাকে, কিছু purpose যা অনেক পরে আমরা বুঝতে পারি। কখ...