Wednesday, 18 November 2026

অন্তরদীপ| তমসো মা জ্যোতির্গময়| From darkness towards light | | The eternal journey of light

সূর্য্যের দক্ষিণায়ন শুরু হয়ে গেছে। পূর্ণিমার চাঁদ মেষ রাশির অন্তর্ভুক্ত অশ্বিনী নক্ষত্রের কাছে অবস্থান করায় নাম হয়েছিল আশ্বিন। বর্ষার বিদায়ের পরে নীল মেঘে সাদা মেঘের পসরা সাজিয়ে মা দূর্গার ধরাধামে আগমনের সঙ্গে সঙ্গে প্রকৃতি সেজে উঠলো তাঁকে বরণ করে নেবার জন্যে, শ্বেত শুভ্র কাশ , ঘরের উঠোনে উপচে পড়া শিউলি। পাড়ায় বাজা মাইকের গান কানে আসেনা এখানে তবু বেশ দেখতে পাই বাড়ির সামনের শিবতলায় প্যান্ডেল বাঁধা হয়ে গেলো, ঠাকুর এলো, ষষ্ঠীর বোধন, আলো , বাজনা , রোশনাই, দশমীর সিঁদুর খেলা। এখানেও ঢাকের আওয়াজে , প্রবাসী বন্ধুদের সাথে একটুকরো দেশ কে খুঁজে দেখা। উৎসবের আতিশয্য না থাকলেও, প্রাণের উষ্ণতায় পরিপূর্ণ হয়ে ওঠে চারপাশ। আসতে আসতে দুর্গাপুজোর উচ্ছ্বাস ধীরে ধীরে স্থিত হয় লক্ষ্মী আরাধনায়।আলোকোজ্জ্বল কোজাগরীর চন্দ্রমা। চার দেওয়ালের মধ্যে  অধিষ্ঠিত হন সুখশান্তির অধিষ্ঠাত্রী। তারপরে ক্রমশঃ বাতাসে শীতের পরশ আরো স্পষ্ট হয়ে ওঠে, পাতায় পাতায় শিশিরের ফোঁটা , কোজাগোরী পূর্ণিমা পেরিয়ে প্রকৃতি ধীরে ধীরে হিমের নরম অন্ধকারে ঢেকে যাচ্ছে, ক্ষয়িষ্ণু বিকেলের আলো , তখনই এলো কার্তিক। আকাশের গায়ে কুয়াশার ক্ষীণ পর্দা, বাতাসে ধান-পাকার গন্ধ, দ্রুত ক্ষয় হয়ে যাওয়া ছোট্ট বিকেল ; সোনালি দিন, ফিকে নীলচে রাত, রাতের আকাশে তাকালে ছায়াপথ ক্রমশ ঢলে পড়ছে পশ্চিমে, পূর্ব দিগন্তে তিনটি তারার কোমরবন্ধনী নিয়ে উঠে আসছে কালপুরুষ সঙ্গে বৃষরাশি। এই বৃষরাশির কৃত্তিকা নক্ষত্রে পূর্ণিমা হয় বলে এর নাম কার্তিক। । আমি এখানে ধান পাকার গন্ধ পাইনা বাতাসে, কিন্তু এখানে শিশির এর ফোঁটা যেন আরো গভীর, রাত আরো নীল। সংগোপনে, ঝরা পাতার নিঃশব্দ সমর্পন এ, সূর্য্যের দক্ষিণায়ন যেন আরো সুস্পষ্ট। এখানে ওই সোনালী ঝরে যাওয়া পাতা, ওখানেও জানি শিউলি ফুরিয়ে গেছে, মাঠে কাশের ঢেউ নেই ; নদীর কোল ঘেঁষে কুয়াশা, ঝুপ করে নেমে যাওয়া সন্ধে, সব মিলিয়ে গোধূলিবেলার এই ক্ষয়িষ্ণু আলোয় দাঁড়িয়ে কার্তিক যেন কেমন মন কেমনের কথা বলে।  আর ঠিক সেই সময়েই যেন সব মন খারাপ কে সরিয়ে দিয়ে মনের ভেতরের আলোর উদযাপন করতে আসে দীপাবলী। কিন্তু এই উৎসব তাৎক্ষণিকআনন্দের নয়, গভীর, নীরব, অন্তর্মুখী এক আবহের।এই সময় দীপ জ্বালানোর, বাইরের উচ্ছসিত দীপ নয়, অন্তরের নীরব নিভৃত শান্তির দীপ, জ্ঞানের দীপ । যখন হিমের রাতে হেমন্তিকার আঁচল গগনের দীপগুলিকে ম্লান করে দেয় তখনই যেন আসে দীপালিকার প্রাণের আলো জ্বালানোর সময় । মহালয়ার অমাবস্যা থেকে লোকবিশ্বাস বলে পূর্বপুরুষরা দেবলোক থেকে নেমে আসেন সন্তানের ঘরে। কার্তিকের হিমেল স্পর্শে তারা আবার ফিরে যান তাদের অনন্ত গন্তব্যে। তাই এই মাসে আকাশপ্রদীপ জ্বলে। ঘরের ছাদে বা বাঁশের চূড়ায় আলো তুলে ধরা হয় তাদের পথ চিনিয়ে দিতে। তিলের তেল বা ঘিয়ের ছোট প্রদীপ, আর উপরে উঠিয়ে দেওয়া হয় আকাশের দিকে যেন আমাদেরকে ছেড়ে চলে যাওয়া পূর্বপুরুষ মাটির পৃথিবীতে তাঁর উত্তরপুরুষের ঘরে দেখতে পান শ্রদ্ধার স্ফুলিঙ্গ। "আকাশ প্রদীপ জ্বেলে তখন কাহারা যেন কার্তিকের মাস সাজায়েছে" - জীবনানন্দের কবিতায়ও বার বার এসেছে এই কার্তিক মাস। বাংলার আকাশ যখন প্রিয় জনের উদ্দেশ্যে আকাশপ্রদীপ সাজায়, চোদ্দ প্রদীপ জ্বালায়, অশুভ শক্তির বিনাশে শুভ শক্তির আরাধনায় দীপালি হয়ে ওঠে রাতের অন্ধকার। তখন  অদ্ভুত ভাবে পৃথিবীর অপর গোলার্ধেও এই এক ই সময়ে আসে Halloween। তার পরে All Saints' Day এবং All Souls' Day। মেক্সিকোতে পালিত হয় Día de los Muertos—যেখানে মানুষ ফুল, আলো, ছবি আর প্রিয় খাবারের মধ্য দিয়ে তাঁদের প্রয়াত আপনজনদের স্মরণ করেন।আমেরিকার শরতের সন্ধ্যায় বাড়ির দরজার সামনে , উঠোনে, বা বৈঠকখানায় সেই সময় কুমড়োর গায়ে খোদাই করা অদ্ভুত মুখের ভেতর ছোট্ট আলো জ্বলে ওঠে। কতবছর আগে আইরিশ Stingy Jack এর হাত ধরে এই Jack-o'-lantern এসেছিলো পরে সেই আয়ারল্যান্ডের প্রাচীন লোককথা কখন মার্কিনী halloween এর সঙ্গে মিশে গিয়ে অশুভ শক্তির বিনাশে তৎপর হয়ে উঠলো। উদযাপন এর অঙ্গ কিন্তু সেই আলো ই। আলো যে পৃথিবীর সমস্ত সংস্কৃতির এক চিরন্তন ভাষা।

বৈষ্ণব বিশ্বাসে বিষ্ণু যখন অনন্ত শয্যায় শায়িত, তাঁর মাথার উপরে লক্ষ্মী। সেই আকাশে তাঁদের উদ্দেশে প্রদীপ জ্বালিয়ে উচ্চারিত হয় - "আকাশে সলক্ষ্মীক বিষ্ণোস্তোষার্থং দীয়মানঃ প্রদীপঃ।"
কার্তিক মাস বৌদ্ধধর্মেও গভীর তাতপর্যবাহী। বর্ষাকালে তিন মাস ভিক্ষুরা বর্ষাবাসে থেকে আত্মানুশীলন করেন -মৌনধ্যান, নির্জন অন্বেষণ। সেই ব্রত শেষে আসে প্রবারণা। অন্তর-প্রদীপের উৎসব।সেই সূত্রেই থাইল্যান্ডে Yi Peng উৎসবে হাজার হাজার আলোকিত ফানুস উড়ে যায় রাতের আকাশে। আবার Loy Krathong-এ ছোট ছোট প্রদীপ ভাসিয়ে দেওয়া হয় নদীর জলে। মায়ানমারে Tazaungdaing উৎসবে আলোকসজ্জায় সেজে ওঠে মন্দির ও জনপদ। 
 কার্তিকী অমাবস্যাতাই হয় বর্ধমান মহাবীর স্বামীর নির্বান । কল্পসূত্রে লেখা কার্তিক কৃষ্ণপক্ষের পঞ্চদশীর রাত্রিতে, বর্ধমান মহাবীর যখন সংসার থেকে মুক্ত হয়ে , জন্ম-মৃত্যুর বৃত্ত ভেঙে অনন্ত পথে যাত্রা করলেন তখন সেই জ্ঞানের প্রদীপ নির্বাপিত হলে লিচ্ছবি আর মল্লের আঠেরো জন রাজা মাটির প্রদীপ জ্বালেন, - তাই এটি মহাবীরের নির্বাণ স্মরণের আলোকরাত্রি। 
মানুষ যখন দেশ কাল ধর্ম বর্ণের সীমারেখা টানতে টানতে ক্রমশঃ নিজের গণ্ডিকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর করে ফেলছে বিশ্বস্রষ্টা সেই শুরুর দিনের মতন আজ ও হয়তো আরো অনন্ত কাল ধরে মহাকালের আলোক বলয়ে এই মহাবিশ্ব কে বেঁধে রাখছে। সে আলো জ্ঞানের , সে আলো সত্যের, সে আলো অমৃতের, সে আলো সেই অন্তর জ্যোতির চিদানন্দের। 
অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যোর্মা অমৃতং গময়।অন্ধকার থেকে আলোতে, মৃত্যু থেকে অমৃতের দিকে, অচেতন থেকে সত্যের দিকে উঠে যাওয়ার আকুলতা।

https://youtu.be/3025nDhhLKQ?si=D-MHvZGrACicSirH
 

No comments:

অন্তরদীপ| তমসো মা জ্যোতির্গময়| From darkness towards light | | The eternal journey of light

সূর্য্যের দক্ষিণায়ন শুরু হয়ে গেছে। পূর্ণিমার চাঁদ মেষ রাশির অন্তর্ভুক্ত অশ্বিনী নক্ষত্রের কাছে অবস্থান করায় নাম হয়েছিল আশ্বিন। বর্ষার বিদায়ে...